আন্তর্জাতিক ডেস্ক, বার্তাক নিউজ ২৪ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মুসলিম দেশগুলোর পারমাণবিক সক্ষমতা অর্জন বরাবরই এক দুঃস্বপ্নের নাম। বিশেষ করে পাকিস্তানের পরমাণু শক্তি এবং ইরানের ক্রমবর্ধমান সক্ষমতা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের দুশ্চিন্তার শেষ নেই। চলমান ইরান যুদ্ধ এবং পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিদ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো কারণে যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা চালায়, তবে পাকিস্তান সরাসরি ভারতের দিল্লি ও মুম্বাই গুঁড়িয়ে দেবে। একটি কাল্পনিক চরম পরিস্থিতির (Worst-case scenario) কথা উল্লেখ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

 আব্দুল বাসিদ জানান, যদি আমেরিকা পাকিস্তানে আক্রমণ করে, তবে দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই ভারত হবে তাদের বিকল্প টার্গেট। তিনি বলেন, “যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আমেরিকায় আঘাত হানা সম্ভব না হয়, তবে আমাদের সামনে দিল্লি ও মুম্বাই ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা কাউকে ছেড়ে দেব না, পরে যা হওয়ার হবে দেখা যাবে।”

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, পাকিস্তান যেকোনো সময় দূরপাল্লার আইসিবিএম (ICBM) দিয়ে সরাসরি আমেরিকায় হামলা চালানোর প্রস্তুতি নিতে পারে। এই তথ্যের পর যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই আব্দুল বাসিদের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভারত ও পাকিস্তানের সাধারণ নাগরিকদের মাঝে এটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

যদিও আব্দুল বাসিদ এই পরিস্থিতিকে ‘অসম্ভব’ এবং ‘বাস্তবতা বিবর্জিত’ বলে বর্ণনা করেছেন, তবুও তিনি তার যুক্তিতে অটল। তিনি স্পষ্ট করেছেন, পাকিস্তান যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি বাঁকা চোখে তাকায় তবে পাকিস্তানের আত্মরক্ষার পূর্ণ সক্ষমতা রয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান ও ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময়ই সতর্ক অবস্থানে থাকে। মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক থাকলেও পরমাণু সক্ষম দেশগুলোর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি বরাবরই নেতিবাচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *